বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী
আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দোয়া মাহফিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এ দিন বিএসএমএমইউয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিত্সকরা রোগীদের চিকিত্সাসেবা প্রদান করবেন।
পরীক্ষা নিরীক্ষার মধ্যে রয়েছে-সিবিসি, পিবিএফ, ইউরিন আরএমই, সিএস, উইডাল টেস্ট, সিআরপি, আরবিএস, এফবিএস, এস ক্রিয়েটিনিন, এস.এএলটি, ব্লাড গ্রুপিং, এইচবিএসএজি, এন্টি-এইচসিভি, এক্সরে চেস্ট (পিএভিউ),আল্ট্রসাউন্ড হোল এবডোমেন। আগামী ১৭ মার্চ রবিবার সকাল ৯টায় বহির্বিভাগে বিনামূল্যে চিকিত্সা সেবার উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক কনককান্তি বড়ুয়া। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বি ব্লকের বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হবে।
অন্যদিকে বিএসএমএমইউয়ের উদ্যোগে সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে ও সকাল সাড়ে ৭ টায় পুষ্পস্তবক অর্পণ,সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি পালনসহ বাদ জোহর এ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।-প্রেস বিজ্ঞপ্তি