ময়মনসিংহে লিফটে আটকা ৪ জনকে উদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীবহনকারী লিফট ছিঁড়ে রোগীসহ আটকা পড়া একই পরিবারের চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার করে বলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শহিদুর রহমান জানান। চারজন হলেন- চিকিৎসা নিতে হাসপাতালে আসা জসীম উদ্দিন, তার মেয়ে সুমি এবং ছেলে শিহাব ও শাহিন।
 
জসীমের স্ত্রী আনোয়ারা পারভিনও ওই লিফটে ছিলেন। তবে নিচতলা থেকে লিফট দোতলায় ওঠার পর দরজা খুললে তিনি বেরিয়ে যেতে পেরেছিলেন।   
 
বেলা ৪টার দিকে পারভিন বেরিয়ে যাওয়ার পরপরই লিফট তার ছিঁড়ে নিচে পড়ে যায় বলে হাসপাতালের ওয়ার্ড মাস্টার হাসান জানান।
 
লিফটে চারজনের আটকা পড়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে দরজা খোলার চেষ্টা শুরু করেন। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে গ্যাস কাটার দিয়ে দরজা কেটে চারজনকে বের করে আনা হয় বলে শহিদুর রহমান জানান।
 
তিনি বলেন, চারজনই অক্ষত আছেন। তাদের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল এলাকায়।