‘প্রবাসীদের কল্যাণে কাজ করা সবার নৈতিক দায়িত্ব’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করা সবার নৈতিক দায়িত্ব।
 
মঙ্গলবার রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় ব্রিফিং সেন্টারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, এক কোটি প্রবাসী কর্মীর কল্যাণের গুরুদায়িত্ব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে। ভবিষ্যতে কর্মীদের দ্রুততম সময়ে এবং স্বচ্ছ উপায়ে সেবা প্রদায়নের লক্ষে বোর্ডকে কর্মীদের কল্যাণে অত্যন্ত আধুনিক ও ডিজিটাইজড বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
 
তিনি বলেন, প্রবাসী কল্যাণ বোর্ড আইন প্রণয়নের মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।
 
ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুবো এর মহাপরিচালক বেগম শামছুন নাহার এবং বায়বার সভাপতি মো. আবুল বাসার।