নারায়ণগঞ্জে ‘পাঁচ খুন’ মামলার আসামি নাজমা গ্রেফতার

নারায়ণগঞ্জের আলোচিত ‘পাঁচ খুনের’ ঘটনায় নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলামের দায়ের করা মামলায় তার ভাগ্নে মাহফুজকে আটকের পর মামলার অন্যতম আসামী নাজমাকে শরীয়তপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে শরীয়তপুর দামরুদা এলাকা থেকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ তাকে আটক করে। গতকাল মঙ্গলবার আটককৃত নাজমাকে ৭দিনের রিমান্ডের আবেদন করে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেক ইমামের আদালতে হাজির করা হলে ৫দিনের রিমান্ড মন্জুর করেন আদালত।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ মন্ডল জানান, সোমবার মধ্যরাতে শরীয়তপুরের দামরুদা এলাকা থেকে নাজমাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।   নাজমা শরীয়তপুরের দামরুদা এলাকার শাহজাহানের স্ত্রী। এছাড়াও হত্যাকান্ডের শিকার লামিয়ার স্বামী শরীফকে  জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।
 
জানা গেছে, ৫ হত্যাকান্ডের ঘটনায় শনিবার রাতেই ঘটনাস্থল থেকে মাহফুজকে আটক করে পুলিশ। এছাড়া নিহত তাসলিমা ও মোরশেদুলের খালাতো ভাই দেলোয়ার হোসেন ও শাহাদাতকেও আটক করে পুলিশ। গত সোমবার মাহফুজকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে আনে ডিবি পুলিশ। গত রবিবার সকালে নিহত তাসলিমার স্বামী শফিকুল ইসলাম বাদি হয়ে ভাগ্নে মাহফুজ, ঢাকা কলাবাগানের নাজমা ও শাহজাহানের নাম উল্লেখ করে তাদেরকে সন্দেহ করে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রবিবার রাতে মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তরের নির্দেশ দেন পুলিশ সুপার।
 
জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোখলেছুর রহমান জানান, নারায়ণগঞ্জে ৫ হত্যাকান্ডের দায়েরকৃত মামলায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। তাদের কাছে হত্যাকান্ডের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমান ও ক্লু রয়েছে। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই হত্যাকান্ডের প্রকৃত রহস্য মিডিয়ার সামনে তুলে ধরা হবে। উল্লেখ্য, গত শনিবার রাতে বাবুরাইল এলাকা থেকে তাসলিমা, তার ছেলে শান্ত ও মেয়ে সুমাইয়া, ভাই মোরশেদুল ওরফে মোশারফ ও জা লামিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। তাদেরকে মাথায় ভোতা অস্ত্রের আঘাতে ও কয়েকজনকে শ্বাসরোধে হত্যা করে ঘাতকরা।