কুষ্টিয়া মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের ইসমাইল মল্লিকের ছেলে হতদরিদ্র কৃসক তসলেম উদ্দিন (৫০) কোন প্রকার রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ছাড়াই শুধু কেঁচো সার ও ফেরোমন প্রযুক্তি ব্যবহার করে লাউ চাষে সাফল্য দেখিয়েছেন।
তিনি কৃষি সম্প্রসারণ বিভাগের ২য় শষ্য বহুমুখীকরণ প্রকল্প (এসডিপি) এর সহায়তায় কুমারী-২ জাতের লাউ চাষ করে এ সাফল্য দেখান। যে মাঠে তসলেমের লাউয়ের আবাদ হচ্ছে সেই মাঠে মাত্র ১৪ কাঠা লাউ চাষ ছাড়া মাঠের পর মাঠ দিগন্ত জোড়া জমিতে চাষ হচ্ছে বিষবৃক্ষ তামাকের।
তসলেম ২ বছর আগে ১৫ হাজার টাকায় জমি লিজ নিয়ে লাউ চাষের আবাদ শুরু করেন। গত বছর ও চলতি বছর শেষে তসলেম খরচ বাদে লক্ষাধিক টাকা লাভ করতে পারবে বলে জানান। তসলেম আরো জানান, তিনি এক সময় রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে লাউ চাষ করে যে ফলন পেতেন বতমানে মিরপুর উপজেলা কৃষি অফিসের পরামর্শে কেঁচো সার ও ফেরোমন প্রযুক্তি ব্যবহার করেও অনুরুপ ফলন পাচ্ছেন। উপরন্তু খরচ ও সময় বাঁচছে।