ঢাকা-রংপুর মহাসড়কে মিঠাপুকুরে যাত্রীবাহী বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড়ের আটোয়ারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী তাজ পরিবহনের একটি বাস (যশোর-ব-১১০০৩৪) মিঠাপুকুর উপজেলার জায়গীরে শাপলা কোল্ড স্টোরের সামনে পৌঁছালে গাছের গুঁড়ি ভর্তি ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির চালকসহ তিন জন নিহত হন। বাসটিকে আটক করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও একটি মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বাসের যাত্রীদের নিরাপদ স্থানে নেয়া হয়েছে।