ভোলার ওয়াস্টেন পাড়ার ইলিয়াস মাস্টারের ভাড়াটে বাবুলের বাসার গৃহকর্মী বিবি আমেনা (১৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের মা আমিরন নেছা জানান, তাদের বাড়ি ভোলার উওর চরনোয়াবাদ বয়লারের কাছে। অভাবের তারনায় দুই বছর আগে আমেনাকে ব্যবসায়ী বাবুলের বাসায় কাজে দেন। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টায় তারা বাসার বাইরে যান। যাওয়ার সময় বাইরে থেকে তালা মেরে ভেতরে আমেনাকে রেখে যান। পরে রাতে এসে তালা খুলে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরও অমেনা দরজা খুলছে না। এসময় আমেনার বাবা জিয়াকে খবর দিয়ে আনা হয়। পরে পুলিশ আসার আগেই দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখতে পান আমেনা ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই গৃহকর্মী গলায় ফাঁস দিয়ে করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।