শপথ নেয়ার আগে ও পরে ২ মেয়রকে আটকের অভিযোগ

রাজশাহীতে শপথ গ্রহণের আগে ও পরে দুই মেয়রকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

রাজশাহী ও নাটোরের ১৯টি পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের বুধবার বিকেলে শপথ রাজশাহীর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুনির হোসেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
 
এদিকে শপথ গ্রহণ নিতে আসলে তানোর পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র মিজানুর রহমানকে পুলিশ আটক করায় তিনি শপথ নিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। বাকি ১৮টি পৌরসভার মেয়র ১৭৩ সাধারণ কাউন্সিল এবং ৫৮ সংরক্ষিত নারী কাউন্সিলর শপথ নিয়েছেন।

অন্যদিকে শপথ গ্রহণ শেষে শিল্পকলা একাডেমির সামনে থেকে পুঠিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র আসাদুল হককে পুলিশ আটক করেছে বলে অভিযোগ উঠেছে। তবে মহানগর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা শাখার সহকারী কমিশনার (এসি) এবং মহানগরীর বোয়লিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বিএনপি সমর্থিত দুই মেয়রকে আটকের কথা অস্বীকার করেছেন।