বরিশালে ফার্মেসি ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

 

বরিশাল অফিস

বরিশাল ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসি ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে অর্ধলক্ষ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নগরীর সদর রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বরিশাল র্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল, জেলা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. মুহাইমিনুল ইসলাম, ওষুধ প্রশাসন অধিদপ্তর বরিশালের ওষুধ তত্ত্বাবধায়ক এস.এম সুলতানুল আরেফিনসহ র্যাব ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ব্যতীত এমআরপি উল্লেখ না থাকা ও বিভিন্ন বিদেশি ওষুধ বিক্রয় করার অপরাধে নগরীর সদর রোডস্থ মেসার্স মুন মেডিক্যাল হলের প্রোপাইটার রেজাউল আলমকে ২৫ হাজার টাকা এবং মেসার্স আলিফ মেডিক্যালের প্রোপাইটার মোশাররফ হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে বরিশাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নির্ধারিত মূল্যের চেয়ে প্যাথলজি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায় ও ডাক্তার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।