মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মেহেরপুর শহরে স্ত্রী হত্যার দায়ে স্বামী জাকির মণ্ডলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।
 
বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক টিএম মুসা ওই রায় দেন। অভিযোগ প্রমাণ না হওয়ায় অপর দু’আসামি আব্দুল হোসেন ও সাহেব আলীকে বেকসুর খালাস দেন আদালত।
 
মামলা সূত্রে জানা যায়, মেহেরপুর শহরের পৌর কলেজপাড়ার মহাসিন মণ্ডলের ছেলে জাকির মণ্ডল দাম্পত্য কলহের জেরে স্ত্রী ইসমত আরাকে ২০০৯ সালের ১৩ অক্টোবর গলা কেটে হত্যা করেন। পরদিন নিহতের বাবা রিয়াজউল্লাহ বাদী হয়ে জাকির মণ্ডল, গাংনী উপজেলার খাসমহল ধলা গ্রামের হেকমত আলীর ছেলে আব্দুল হোসেন ও একই গ্রামের রেজাউল হকের ছেলে সাহেব আলীকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
 
মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।