হাকিমপুরে মাদক চোরাকারবারিদের উপর বিজিবির গুলি

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

রবিবার রাতে হাকিমপুরের ঘাসুড়িয়া সীমান্তে মাদক চোরাকারবারিদের উপর বিজিবি’র গুলিবর্ষণ করেছে। ঘটনাস্থল থেকে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। বিজিবির মংলা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আবু সাঈদ জানান, রাত আড়াইটার দিকে ভারত থেকে ৪০-৪৫ জন মাদক চোরাকারবারি সীমান্তের ২৮৭/২০নং সাব সীমানা পিলারের পাশ দিয়ে বাংলাদেশের ২০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে।

এ সময় কর্তব্যরত বিজিবি সদস্য জিল্লুর রহমান তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা ক্ষিপ্ত হয়ে উঠে এবং বিজিবি সদস্যের মুখে টর্চলাইট ধরে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের জন্য এগিয়ে আসে। তখন ওই বিজিবি সদস্য আত্মরক্ষার্থে ছয় রাউন্ড গুলিবর্ষণ করে পড়ে গেলে গুলিগুলো উপরের দিকে যায়। ঘটনা বেগতিক দেখে চোরাকারবারিরা ৫১৭ বোতল ফেনসিডিল ও চারশ’ গ্রাম গাঁজা ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় চোরাকারবারীদের  কেউ হতাহত হয়নি বলে জানান কোম্পানি কমান্ডার আবু সাঈদ।