রাজধানীতে ইটের গুড়া ও চক দিয়ে তৈরি নকল রং জব্দ

রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল রং ও কেমিক্যাল জব্দ করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ইটের গুড়া ও চক পাউডার দিয়ে নামি-দামী ব্র্যান্ডের নকল রং তৈরির অপরাধে তিন ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
 
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, ইটের গুড়ায় চক পাউডার মিশিয়ে জার্মানির বেয়ার কোম্পানির নামে আয়রন রেড অক্সাইড এবং ইংল্যান্ডের বেশ কয়েকটি নামীদামী কোম্পানির নামে সিমেন্ট পাউডার ও দেয়ালের নকল রং করা হচ্ছিলো। এসব রং কম দামে সিন্ডিকেটের মাধ্যমে বাজারজাত করা হতো। অভিযুক্ত ব্যক্তিরা আদালতের কাছে স্বীকার করেন, গত ৭-৮ বছর ধরে তারা এ ধরণের কাজ করছিল। এতে বিদেশি কোম্পানির নকল রং ও ভবন নির্মাণের রাসায়নিক সামগ্রী কিনে প্রতারিত হচ্ছিলেন ক্রেতারা।
 
তিনি আরও জানান, এ অপরাধে জড়িত থাকায় খাজা এন্টারপ্রাইজের মালিক আলী হোসেনকে (৪০) এক বছর এবং সাগর এন্টারপ্রাইজ ও সাথী প্রিন্ট এন্টারপ্রাইজের ব্যবস্থাপক আলমাছ খাঁন (৪৫) ও রুবেল হোসেনকে (২৭) এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় ৩ হাজার ২০০ বস্তা ভেজাল ও নকল রাসায়নিক পদার্থ জব্দ করা হয়।
 
অভিযানের উপস্থিত ছিলেন র‍্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মেজর জাহাঙ্গীর কবির ও বিএসটিআই এর সহকারী পরিচালক সেকান্দার আলী।