২০০ গ্রামের বেশি সোনা আনা যাবে না

 
বাংলাদেশে আসার সময় ব্যক্তি পর্যায়ে সোনা বা রুপার অলঙ্কার ও বার আনার নিয়মে পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ‘ব্যাগেজ রুলস’ অনুযায়ীই কোনো ব্যক্তি বাংলাদেশে আসার সময় সর্বোচ্চ ২০০ গ্রাম সোনা বা রুপার অলঙ্কার ও বার আনতে পারবেন। 
 
এর আগে ‘ব্যাগেজ রুলস’ এর বাইরে বাংলাদেশ ব্যাংকের বিশেষ আদেশে সর্বোচ্চ দুই কেজি সোনা বা রুপার বার আনা যেত। ১৯৯৬ সালের ১৪ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক ওই বিশেষ আদেশ জারি করে।
 
বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ নতুন নিয়মের সার্কুলার জারি করেছে। সার্কুলারে ১৯৯৬ সালের ওই আদেশ বাতিলও করা হয়েছে।
 
কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের সোনা-রুপার ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে মনে করছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক এনামুল হক খান। কারণ হিসেবে তিনি বলেন, দুই কেজি সোনা আনার বিধানটি শুধু কাগজেই ছিল।
 

নতুন নিয়ম অনুযায়ী বাংলাদেশে আগত একজন যাত্রী করমুক্ত অবস্থায় ১০০ গ্রাম সোনা বা রুপার অলঙ্কার আনতে পারবেন। ১০০ গ্রামের বেশি আনতে কর লাগবে; তবে ২০০ গ্রামের বেশি আনতে পারবেন না।