মোবাইল ফোনের জন্য চাচার হাতে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

 
মেহেরপুরে চাচার হাতে আল আমিন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছে। মোবাইল ফোনের জন্য তাকে খুন হতে হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
 
দুই দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় আল আমিন হোসেন। সে গাংনী পৌরসভার চৌগাছা পশ্চিমপাড়া এলাকার ঝালমুড়ি বিক্রেতা আসমত আলীর ছেলে ও গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।  
 
আল আমিনের মা জোছনা খাতুন জানান, ‘গত ১৭ জানুয়ারি দুপুরে আল আমিনের চাচা সাগর আমার ছেলেকে মোবাইল ফোনে ডেকে নেয়। গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ভেতরে নিয়ে আল আমিনকে কোমল পানীর সয্গে হারপিক মিশিয়ে পান করায়। এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড ও একটি নকিয়া ফোন নিয়ে পালিয়ে যায় সাগর। পরে আল আমিনের বন্ধুরা তাকে মুমূর্ষ অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। কুষ্টিয়া থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা। দুইদিন চিকিৎসার পর বুধবার তার মৃত্যু হয়।
 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার তার মৃতদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হবে।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) মোক্তার হোসেন জানান, বিষয়টি সন্ধ্যায় জানতে পেরেছি। মৃতদেহ আসার পর পরিবারের পক্ষ থেকে মামলা করার জন্য বলা হয়েছে।