গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালি ব্রিজ (হাওয়া খানা) এলাকার করতোয়া নদীর ধারে একটি গম ক্ষেত থেকে বৃহস্পতিবার অজ্ঞাত দুই যুবকের দগ্ধ লাশ পুলিশ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার ভোরে এলাকাবাসী ওই এলাকায় অজ্ঞাত পরিচয় দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকাল ৯ টার দিকে লাশ দু’টি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরো জানান, ওই দুই যুবকের বয়স ২২ থেকে ২৫ বছর হতে পারে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাদের অন্য কোনো এলাকা থেকে ধরে এনে গলায় গামছা পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে আলামত নষ্ট করার জন্য আগুন কিংবা অন্য কোনো দাহ্য পদার্থ দিয়ে উভয়ের মাথা থেকে হাটু পর্যন্ত পুড়িয়ে ফেলেছে। এতে তাদের মুখ মণ্ডল, বুক ও হাত-পা পুড়ে ঝলছে গেছে। এ কারনে তাদের চেনা যাচ্ছে না। গামছাটি পুড়ে ছাই শরীরের সঙ্গে মিশে গেছে। তাদের পড়নে জিন্স, গ্যাবাডিন্ট কাপড়ের প্যান্ট ও পায়ে দামি জুতা রয়েছে।
ওসি জানান, ঘটনার রহস্য উৎঘাটনে তদন্ত চলছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িতেদের সনাক্ত করতে পুলিশের তৎপড়তা অব্যাহত রয়েছে।