গাংনীতে মাদকসহ ব্যবসায়ী আটক

হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির টাকাসহ রাসেল আহমেদ (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) গাংনী ক্যাম্প। বুধবার দিবাগত রাত ৯টার সময় র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল রাসেল আহমেদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে মাদক দ্রব্যসহ আটক করে।
 
আটক রাসেল আহমেদ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের স্টেশনপাড়া এলাকার রেজাউল হকের ছেলে। তার কাছ থেকে ৫১ গ্রাম হেরোইন, ৯ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৪ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।
 
র‌্যাব কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিয়া জানান, আলমডাঙ্গা স্টেশন পাড়া এলাকায় রাসেল আহমেদ তার বাড়িতে মাদক বিক্রি করছে- এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে হেরোইন, ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার হয়।
 
মাদক আইনে মামলা দিয়ে আটক রাসেল আহমেদকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব কমান্ডার আব্দুর রাজ্জাক মিয়া।
 
এদিকে বুধবার সন্ধ্যায় গাংনী উপজেলার কাজিপুর রোডের বালিয়াঘাট হবিবুর রহমানের ইটভাটার কাছে অভিযান চালিয়ে পরিত্যক্ত ২০ বোতল ফেনসিডিল ও রেজিস্ট্রেশন বিহীন একটি ডায়াং মোটরসাইকেল উদ্ধার করেছে বামুন্দী পুলিশ ফাঁড়ি। পুলিশের টহল দলকে দেখে মাদক ব্যবসায়ী ফেনসিডিল ও মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়।
 
গাংনী থানার ওসি (ভারপ্রাপ্ত) তদন্ত মোক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।