নেত্রকোনার পূর্বধলায় বাল্য বিবাহের অপরাধে ও বাল্য বিয়েতে সহযোগীতার দায়ে বরসহ দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিবাগত রাত ৯টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ড প্রাপ্তরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নওপাই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে বর ফারুক মিয়া (২৮) ও উপজেলা সদরের পুকুরিয়াকান্দা গ্রামের আ. বারেকের ছেলে মিন্টু মিয়া (২৫)।
জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি গ্রামের হেলাল উদ্দিনের মেয়ে উপজেলা সদরের পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী রাবেয়া আক্তারের (১২) সঙ্গে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নওপাই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে ফারক মিয়ার গত মঙ্গলবার বিবাহের দিন ধার্য ছিল। খবর পেয়ে উপজেলা প্রশাসন এ বিয়েতে বাধা দিলে তা ভেঙ্গে যায়। পর দিন বুধবার গোপনে বর পক্ষ ভূয়া রেজিষ্ট্রি (কাবিন) মূলে বিয়ের জন্য বর শ্বশুর বাড়িতে আসে।
এ খবরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর হোসেন ঘটনাস্থলে পৌঁছে ওই বাল্য বিবাহ বন্ধ করেন। এ সময় বাল্য বিবাহের অপরাধে বর ফারুক মিয়াকে এক মাসের কারাদণ্ড ও বাল্য বিয়েতে সহযোগীতার দায়ে কনের ভগ্নিপতি মিন্টু মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করেন।