গত মৌসুমে কোনো শিরোপাই জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে টানা ১১ তম বারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ক্লাবের মর্যাদাটা ঠিকই ধরে রেখেছে স্প্যানিশ ক্লাবটি।
বিখ্যাত অডিটিং ফার্ম ডিলইট্টের দেয়া তথ্য অনুযায়ী ২০১৪-১৫ মৌসুমে বিশ্বজুড়ে শীর্ষ ২০টি ফুটবল ক্লাবের আয় ৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। রিয়াল ৫৭৭ মিলিয়ন ইউরো আয় নিয়ে সবার উপরে রয়েছে। এরপরেই রয়েছে গত মৌসুমে পাঁচটি শিরোপা জেতা রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। ৫৬০.৮ মিলিয়ন ইউরো আয় নিয়ে চার নম্বর থেকে ২ নম্বরে উঠে এসেছে ক্যাটালান ক্লাবটি। এরপর ৫১৯ মিলিয়ন ইউরো আয় নিয়ে তৃতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানইউ এর এক ধাপ অবনমন হয়েছে। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ তৃতীয় স্থান থেকে পঞ্চম স্থানে নেমে গেছে।
ফুটবল মানি লিগ বলে খ্যাত এই অডিট ফার্ম পরিচালিত আয়ের হিসেবে শীর্ষ ২০ টি ক্লাব বেছে নেয়া হয়। এর মধ্যে ইতালির চারটি, জার্মানির ও স্পেনের তিনটি ও ফ্রান্সের একটি ক্লাব রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ছয়টি ক্লাব রয়েছে। বিবিসি।