সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

ফরিদপুর শহরতলীর বদরপুর মোড় এলাকায় বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আহত সালথার যুবক মো. জাফর মোল্যার (৩০) মৃত্যু হয়েছে। ঘটনার দিন সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার নিজ বাড়িতে জানাজা শেষে গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। 
 
নিহত জাফর মোল্যা সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মদনদিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত মুনছুর মোল্যার ছেলে।
 
জানা গেছে, জাফর মোল্যা বুধবার বিকালে সালথা থেকে মাহেন্দ্রযোগে ফরিদপুর যাচ্ছিল। মাহেন্দ্রটি আঞ্চলিক সড়ক দিয়ে বদরপুর মোড় এলাকায় ফরিদপুর-খুলনা মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অজ্ঞাত একটি মাইক্রবাস মাহেন্দ্রকে সজোরে ধাক্কা দেয়। এতে জাফর মোল্যা ও সাংবাদিক আরিফুর রহমান দোলনসহ ৬ জন আহত হলে তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এর মধ্যে ওই দিন সন্ধ্যায়  চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাফর মোল্যা। ময়না তদন্ত ছাড়াই রাতে তার লাশ বাড়িতে আনা হয়।