পঞ্চম ওয়ানডেতে ম্যাক্সওয়েলের খেলা নিয়ে সংশয়

ক্যানবেরার মানুকা ওভালে ভারতের বিপক্ষে গতকাল অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় ডান হাঁটুতে আঘাত পাওয়ায় পঞ্চম ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে। 
 
পাঁচ ম্যাচের সিরিজে গতকাল ভারতকে ২৫ রানে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২০ বলে ৬টি চার ও একটি ছক্কার সহায়তায় ম্যাক্সওয়েল ৪১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। এর আগে এ্যারন ফিঞ্চের ১০৭ ও ডেভিড ওয়ার্নারের ৯৩ রানে ভর করে অসিরা ৮ উইকেটে ৩৪৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে। ব্যাটিংয়ের সময় ইশান্ত শর্মার একটি বল লেগ সাইডে মারতে গিয়ে ডান হাঁটুতে আঘাত পান ম্যাক্সওয়েল। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে এর ফলে ম্যাক্সওয়েল কিছুটা অস্বস্তি অনুভব করছেন। আগামী কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে। আঘাতের সময় এই অল রাউন্ডার ১৩ রান নিয়ে ক্রিজে ছিলেন। এরপরও অবশ্য তিনি ব্যাটিং চালিয়ে গেছেন। এরপর বল হাতেও এক ওভারে ১০ রান দিয়ে তিনি মাঠ ত্যাগ করেন। তার স্থানে বদলী খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়ে নেমেছিলেন শন মার্শ। বাসস।