নারায়ণগঞ্জের আলোচিত পাঁচ খুন মামলার আসামি মাহফুজ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান শরীফের আদালতে এ জবানবন্দি দেন মাহফুজ।
জবানবন্দিতে তিনি জানান, একাই একে একে পাঁচজনকে হত্যা করেছেন তিনি। শিলপাটার শিল দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে নিজেই হত্যা করেন বলে স্বীকার করেন মাহফুজ। তিনি আরও স্বীকার করেন, তার মামীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ১৫ জানুয়ারি দিবাগত রাত থেকে ১৬ জানুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত একে একে ৫ জনকে হত্যা করেন তিনি।
পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জবানবন্দি প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'আমরা নিখুঁতভাবে পাঁচ খুনের উদ্দেশ্য ও আলামত সংগ্রহ করেছি। খুনির জবানবন্দিতে হত্যাকাণ্ডের রহস্য বের হয়ে এসেছে।'
উল্লেখ্য, ১৫ জানুয়ারি দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল খানকা মোড় এলাকায় ‘আশেক আলী ভিলা’ নামের একটি বাড়ির একটি ফ্ল্যাটে একই পরিবারের পাঁচজনকে নৃংশসভাবে গলা কেটে হত্যা করে মাহফুজ। আইন-শৃঙ্খলা বাহিনী বাড়ির ফ্ল্যাটের তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- তাসলিমা আক্তার (৪০) তার ছেলে শান্ত (১০), মেয়ে সুমাইয়া (৫), ভাই মোরশেদুল (২৫) এবং তার জা লামিয়া (২৫)।