ভাঙ্গায় পিকআপ ভ্যানসহ দুই গরু চোর আটক

ভাঙ্গা বিশ্বরোড মোড় থেকে পিকআপ ভ্যানসহ দুই গরু চোরকে আটক করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পিকআপ ভ্যানের ভেতর থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়।
 
আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সিংগারিয়া এলাকার সেক জবেদ আলীর ছেলে হযরত আলী (৪৫) ও একই এলাকার নাসির উদ্দিনের ছেলে রমিজউদ্দিন (৪০)।তারা জানায়, ভাটিয়াপাড়া চৌরাস্তা এলাকা থেকে গরুটি চুরি করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তারা। 
 
ট্রাফিক সার্জেন্ট আরিফ হোসেন জানায়, দ্রুতগামী পিকআপ ভ্যানটির গতিরোধ করলে চালক গাড়ি ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহের কারণে স্থানীয় থানায় অবগত করার পর থানার উপ-পরিদর্শক আশিকুজ্জামান এসে পিকআপ ভ্যানটির তালা ভেঙ্গে ভেতর থেকে চোরাই গরুসহ চোরদের আটক করেন।