চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদক ধ্বংস

চুয়াডাঙ্গায় স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে ৬-বিজিবি ব্যাটালিয়ন।
 
বেলা ১২টায় স্থানীয় টাউন ফুটবল মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ও রোড রোলার দিয়ে পিষ্ট করে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। এসবের মধ্যে রয়েছে ৩৮ হাজার বোতল  ফেনসিডিল, ৪৪ হাজার বোতল মদ ও ১৯ কেজি  গাঁজা।
 
গত এক বছরে চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা এই মাদকগুলো উদ্ধার করে বিজিবি। চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর মাদক ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
 
মাদক ধ্বংস করার আগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৬-বিজিবির পরিচালক ল.কর্নেল এসএম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিজিবি যশোর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেলারেল ফরিদ হাসান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল লা হে মূং, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পুলিশ সুপার রশীদুল হাসান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবিএম মাহমুদুল হক, জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি-ইত্তেফাক প্রতিনিধি আজাদ মালিতা ও জীবননগর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল।