১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন দিবসে প্রিয়জনের মতো নিজ নগরীকে ভালোবাসার বাড়তি পরশ বুলিয়ে দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি সেদিন ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে নিজেদের বাসস্থানের মতো নগরীকে পরিচ্ছন্ন রাখার জন্য সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময় দেয়ার আহবান জানান।
১৪ ফেব্রুয়ারি শাহবাগে অনুষ্ঠিতব্য ‘লাভ ফর ঢাকা-২০১৬’ কর্মসূচিতে অংশ নেয়ার জন্য তিনি নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন। বৃহস্পতিবার নগরভবনের সেমিনার কক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত ৫০টি মার্কেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে পরিচ্ছন্নতার বছর ২০১৬ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এ আহবান জানান।
ব্যবসায়ী নেতারা পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের কর্মসূচি সফল করে তুলতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। তারা বলেন, আমরা দোকানের ময়লা দিনের বেলা ফেলবো না। স্ব-স্ব দোকান ও আশপাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবো।
সভায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী মো. হাবিবুর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন, প্রধান রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল, উপ-প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় নিউমার্কেট, গাউছিয়া, কাপ্তানবাজার, শ্যামবাজার, বেগমগঞ্জ, চকবাজার, সেগুনবাগিচা, সুন্দরবন স্কয়ার, ঠাটারী বাজার ও সদরঘাট এলাকার ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।