কৃষি জমিতে ইকনোমিক জোন স্থাপনের প্রতিবাদে বেপজা ঘেরাও

চান্দপুর-বেগম খান চা বাগানের কৃষি জমিতে ইকনোমিক জোন স্থাপনের প্রতিবাদে বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন কাওরান বাজারস্থ বেপজা কার্যালয় ঘেরাও করে। সকাল ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এই ঘেরাও কর্মসূচী পালিত হয়। চা শ্রমিকদের জমি রক্ষা সংহতি কমিটির ডাকে এই ঘেরাও কর্মসূচীতে সিপিবি, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।
 
এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সংহতি কমিটির আহবায়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, বাসদ নেতা বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, সিপিবির সাজ্জাদ জহির এবং চা শ্রমিক নেতা স্বপন ও কাঞ্চন প্রমুখ। সভায় মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভূমিহীন মানুষের সহায়-সম্বল উচ্ছেদ করে কোন ইকনোমিক জোন করতে দেয়া হবে না। তিনি স্থানীয় প্রভাবশালী কর্তৃক শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানান।