পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক সামগ্রী পুন:প্রক্রিয়াজাত করে ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীতে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে বক্তারা বলেছেন, প্লাস্টিকদ্রব্য পুন:প্রক্রিয়াজাত করে ব্যবহার করলে পরিবেশ যেমন রক্ষা হবে তেমনি এ খাতে বিনিয়োগও বাড়বে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন, প্লাস্টিক দ্রব্য সংগ্রহ করে তা প্রক্রিয়াজাতকরণে বেসরকারি খাত এগিয়ে আসতে পারে। এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে। তিনি বলেন, এ খাতে সরকার কিছু কাজ করছে। কিন্তু সরকারের ওপর পুরোপুরি নির্ভর করলে হবে না। এসব ব্যবসায় সরকার যত কম যাবে ততই ভালো।
মন্ত্রী বলেন, আমাদের জীবন মান উন্নত হচ্ছে। মানুষের আয় বাড়ছে। দেশে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। প্লাস্টিক পুন:প্রক্রিয়াজাতকরণকে একটি লাভজনক ব্যবসা উল্লেখ করে তিনি আরো বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে এ ব্যবসা চালু আছে।
এক্ষেত্রে তিনি ভারতের উদাহরণ টেনে বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা সেখান থেকে শিখতে পারে। এ বিষয়ে কেউ এগিয়ে আসতে চাইলে সরকার তাদের সহযোগিতা করবে বলেও তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক বলেন, প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণের জন্য বৈজ্ঞানিক পন্থা অবলম্বন করি না। শিল্প এবং মেডিকেল বর্জ্য আমরা সংগ্রহ করি না। এটি সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
আনিসুল হকের মতে, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা যায়। এটি একটি লাভজনক ব্যবসাও হতে পারে। এ খাতে অনেক কর্মসংস্থানও হতে পারে। তবে বর্জ্য প্রক্রিয়াজাতকরণ খুব সহজ কাজ নয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়টি আলোচনা করে ঠিক করতে হবে। বাজার সৃষ্টি না করলে কেউ এ কাজে এগিয়ে আসবে না। বাজার তৈরি করা হলে অনেকে এগিয়ে আসবে বলে তিনি জানান।
সেমিনারে এক প্রবন্ধে সেন্টার ফর পলিসি ডায়লগের অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশে প্লাস্টিকদ্রব্যের ব্যবহার বেশি। ২০০৫ সালে বাংলাদেশে গড়ে একজন মানুষ সাড়ে পাঁচ কেজি প্লাস্টিক সামগ্রী ব্যবহার করতো। ২০১৪ সালে এস তা দাঁড়িয়েছে প্রায় ১৫ কেজিতে। রাজধানী ঢাকা শহরেও এসময়ে প্লাস্টিক দ্রব্য ব্যবহারের হার সাড়ে ছয় শতাংশ বেড়েছে। এটি পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় অনেক বেশি।
সেমিনারে ‘প্লাস্টিক বর্জ্য পুন:প্রক্রিয়াজাতকরণের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ওয়েস্ট কনসার্ন এর সহ প্রতিষ্ঠাতা এ এইচ মো. মাকসুদ সিনহা এবং ইফতেখার এনায়েতউল্লাহ। তারা বলেন, ২০১৫ সালে বাংলাদেশে মোট তিন লাখ ৭২ হাজার মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য পুন: প্রক্রিয়াজাতকরণ করা হয়েছে। এর আর্থিক মূল্য সাড়ে ৪৫ কোটি মার্কিন ডলার। সঠিকভাবে এ খাতের বর্জ্য পুন:প্রক্রিয়াজাতকরণ করা গেলে এ খাত থেকে ৮০ কোটি ডলারের ওপর আয় হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন উপস্থিত ছিলেন।