মাটিরাঙ্গায় সহকর্মীর কাঠের আঘাতে কাঠমিস্ত্রি নিহত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতিতে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহকর্মীর কাঠের আঘাতে প্রাণ হারিয়েছেন কাঠমিস্ত্রি আলী আশরাফ (৩২)। বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহষ্পতিবার দুপুর ২টার দিকে গোমতি বাজারের একটি চায়ের দোকানে কথাকাটাকাটির এক পর্যায়ে কাঠমিস্ত্রি মিজানুর রহমান (৪০) তার সহকর্মী  আলী আশরাফকে (৩২) একটি শক্ত কাঠ দিয়ে মাথায় আঘাত করেন। এতে তার মাথা ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে নেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চমেক এ তার মৃত্যু হয়। 
 
নিহত আলী আশরাফ গোমতির বান্দরছড়া গ্রামের মৃত শব্দ আলী মুনসঈর ছেলে। তিনি গোমতি বাজারের জয়নাল ফার্ণিচার মাটের কাঠমিস্ত্রি হিসাবে কাজ করতেন। 
 
অন্যদিকে ঘাতক মিজানুর রহমান ফটিকছড়ির ভুজপুর থানাধীন ফুলছড়ি গ্রামের জুনাব আলীর ছেলে। তিনি কিছুদিন আগে কাঠমিস্ত্রি হিসাবে জয়নাল ফার্ণিচার মাটে যোগদান করেন। 
 
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাৎ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ মিজানুর রহমানকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।