রাজশাহীতে ব্যাংক কর্মকর্তা অপহরণ

বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সফরের আগের দিন রাজশাহীতে আক্তারুজ্জামান কচি নামের এক ব্যাংক কর্মকর্তা (সাময়িক বরখাস্ত) অপহরণের অভিযোগ থানায় মামলা হয়েছে। এক্সিম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র সহকারি প্রেসিডেন্ট ছিলেন আক্তারুজ্জামান কচি। তার বাড়ি নগরীর শিরোইল মঠপুকুর এলাকায়।
 
আক্তারুজ্জামান অপহরণ হয়েছে বলে তার বাবা আফছার উদ্দিন আহমেদ বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর নগরীর বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন বলে জানিয়েছেন ওসি শাহাদত হোসেন খান। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি। থানার পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা মামলাটি তদন্ত করছেন। 
 
দুইদিনের সফরে বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ড. আতিউর রহমান শুক্রবার বিকালে রাজশাহী আসার কথা রয়েছে। শনিবার সকালে রাজশাহীর বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে গভর্ণরের মতবিনিময় কর্মসূচি রয়েছে। সে অনুষ্ঠানে আক্তারুজ্জামান আমান্ত্রিত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা দাবি করেছেন।
 
অভিযোগের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আক্তারুজ্জামান নগরীর নিউ মার্কেটের পশ্চিম সুলতানাবাদ এলাকার একটি গলির মধ্যে নন্দিতা প্রিন্টিং প্রেসে চা খাচ্ছিলেন। এসময় একটি সাদা মাইক্রোবাস ওই গলির মধ্যে পেছন দিকে গিয়ে তাকে তুলে নিয়ে চলে যায়। তার মোবাইল ফোন বন্ধ রয়েছে। তবে সর্বশেষ দুপুর দেড়টার দিকে তার ফোন নম্বরের অবস্থান রেল স্টেশন এলাকায় পাওয়া গেছে বলে জানান ওসি। 
 
তিনি আরো জানান, অপহৃতকে করা এবং কেন তুলে নিয়ে গেছে তা জানতে এবং তাকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে। চাকরি থেকে বরখাস্ত ও ব্যবসায়ীকসহ অর্থ লেনদেনের কোনো ঘটনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। 
 
রাজশাহী এক্সিম ব্যাংকের সহকারি প্রেসিডেন্ট নুরুল হাবিব বলেন, '৬-৭ মাস আগে রাজশাহী শাখা থেকে আক্তারুজ্জামানকে ডেপুটেশনে আঞ্চলিক কার্যালয়ে বদলি করা হয়। সেখানে কর্মরত অবস্থায় তিনি সাময়িক বরখাস্ত হন। এর পর তিনি এক্সিম ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টরসহ (এমডি) ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। সে মামলা বিচারাধীন রয়েছে। তার বড় ভাই আব্দুল মতিন ফোন করে অপহরণের বিষয়টি তাদের জানিয়েছেন বলে জানান নুরুল হাবিব।
 
এদিকে, আক্তারুজ্জামানের ছোট ভাই হাসানুজ্জামান বলেন, 'এক্সিম ব্যাংকের রাজশাহী শাখায় তিনি প্রথম ব্যবস্থাপক ছিলেন। আগামী শনিবার রাজশাহী বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স রুমে নতুন উদ্যোক্তা ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে গর্ভণরের যে মতবিনিময় সভা রয়েছে সেখানে আক্তারুজ্জামান আমন্ত্রিত ছিলেন।' তাকে ষড়যন্ত্রমূলক বরখাস্ত করা হয় বলে দাবি করেন তিনি।