প্রশ্নের মুখে মার্কিন বোয়িং কোম্পানি নিষিদ্ধ ছয় দেশে

ইথিওপিয়ান এয়ারলাইন্সের ৭৩৭ ম্যাক্স-৮ বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ জন আরোহী নিহত হওয়ার ঘটনার পর প্রশ্নের মুখে পড়েছে মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িং। রবিবারের দুর্ঘটনায় একজন লেখক, ফুটবল কর্মকর্তা এবং জাতিসংঘের ২১ কর্মীর মৃত্যু হয়েছে। খবর বিবিসি’র

২০১৮ সালের অক্টোবরে ইন্দোনেশিয়ার জনপ্রিয় বিমান সংস্থা লায়ন এয়ারলাইন্সের একটি বিমান জাভা সাগরে বিধ্বস্ত হয়ে প্রাণ যায় ১৮৯ জনের। এটিও ছিল বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্যিক বিমানের নাম বোয়িং-৭৩৭। এটিরই সর্বশেষ সংস্করণ ‘বোয়িং-৭৩৭ ম্যাক্স’। উত্পাদন শুরুর কিছুদিন পর থেকেই বিতর্ক শুরু হয় মডেলটি নিয়ে। রবিবারের দুর্ঘটনার পর চীন তাদের দেশে এই মডেলের সকল ফ্লাইট বাতিল ঘোষণা করে। এই তালিকায় যুক্ত হয়েছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন। যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বোয়িং-৭৩৭ ম্যাক্স মডেলটি এখনো উড়ার জন্য নিরাপদ। ব্রিটেনের সরকারের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির পাইলটরা।

ইথিওপিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা ইথিওপিয়ান এয়ারলাইন্স জানায়, রবিবার উড্ডয়নের ৬ মিনিট পর ১৫৭ জন যাত্রী ও ক্রু নিয়ে ইথিওপিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানটির সকল আরোহী মারা যায়। বোয়িং-৭৩৭ বিমানটি দেশটির রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইরোবির উদ্দেশে যাত্রা করেছিলো। মাত্র ৪ মাস আগে বিমানটি বহরে যোগ করেছিল এয়ারলাইন্স কর্তৃপক্ষ।