বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকার করতে আসা ভারতের ১০ জেলেকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার বিকালে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে মংলা থানার ওসি মো. লুৎফর রহমান জানান।
এরা হলেন- অমল দাস (২৪), গুরুধন দাস (৩২), সৌরভ দাস (১৮), একাদশী মণ্ডল (৪৫), সঞ্জিব দাস (২২), সঞ্জিত দাস (২৬), হারাধন দাস (৪৮), কিশোর দাস (৫০), প্রভাত দাস (২১) ও শ্বেত দাস (৪৫)। তাদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপের বিভিন্ন গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
ওসি লুৎফর বলেন, বৃহস্পতিবার রাতে মংলা বন্দর থেকে প্রায় ৯০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের ট্রলারসহ আটক করে নৌবাহিনী। বিকালে নৌবাহিনীর পেটি অফিসার এম শাহ আলম তাদের বিরুদ্ধে একটি মামলা করে থানায় হস্তান্তর করেন। শনিবার তাদের আদালতে হাজির করা হবে।