রাজধানী থেকে হকার উচ্ছেদের আগে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। শুক্রবার বিকালে পল্টনে ‘সবার জন্য বাসযোগ্য ঢাকা চাই’ ব্যানারে এক সমাবেশ থেকে উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়।
সমাবেশে সিপিবির কেন্দ্রীয় নেতা ও ঢাকা নগর সাধারণ সম্পাদক সাজেদুল হক রুবেল বলেন, কোনো অবস্থাতে হকারদের উচ্ছেদ করা যাবে না, আগে তাদের পুনর্বাসন করতে হবে। ঢাকা শহরের যানজটের জন্য রিকশা বা হকাররা দায়ী নয় বলেও দাবি করেন নেতারা।
সিপিবি পল্টন শাখার সম্পাদক মুশফিকুল ইসলাম বলেন, ঢাকা শহরের যানজটের জন্য হকার কিংবা রিকশা দায়ী নয়। অপরিকল্পিতভাবে প্রাইভেটকার আমদানি ও অনিয়ন্ত্রিত পাকিংয়ের কারণে যানজট সৃষ্টি হচ্ছে।
ঢাকার যানজট কমাকে সড়কে এক দিন জোড় ও একদিন বেজোড় নম্বরের প্রাইভেট কার চালানোর নিয়ম করার পরামর্শ দেন তিনি। এটা করলে মানুষের কর্মঘণ্টা বাঁচবে। কিন্তু এদিকে সরকারের কোনো নজর নেই।
বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও হকারদের উচ্ছেদ বন্ধের দাবিতে সিপিবি কেন্দ্রীয়ভাবে ২৯ জানুয়ারি সমাবেশ করবে বলে জানানো হয়।
সমাবেশের পরে নেতাকর্মীরা পল্টন থেকে মিছিল করে দৈনিক বাংলা মোড় হয়ে আবার পল্টন মোড়ে ফিরে আসে।