মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দেউলবাড়ি গ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ মামলার আসামি মাদক কারবারী আবুল হোসেন শেখ (৪৯) নিহত হয়েছে।
বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই র্যাবের সদস্য আহত হন। তাদের টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
আবুল উপজেলার কুন্ডেরবাজার গ্রামের মৃত নাজিম উদ্দিন শেখের পুত্র। তার বিরুদ্ধে ১৮টি মাদক মামলা ছিল।
র্যাব-১১ উপ অধিনায়ক মেজর আশিক বিল্লাল জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল টঙ্গীবাড়িতে মাদক কারবারীদের মিটিং হচ্ছে। মেইন রোডের পাশে আবুল হোসেন তার বাহিনীর সদস্যদের নিয়ে মিটিং করছিল। সেখানে আমাদের টহল ছিল। হঠাৎ রাত ১টার দিকে আমাদের টহল টিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরাও পাল্টা গুলি ছুড়ি। পরে আমরা দেখি একজন লোক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাকে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আমাদের দুজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
ইত্তেফাক/ইউবি