বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, ‘উন্নয়নের মহাসড়ক দিয়ে এগিয়ে চলেছে অপার সম্ভাবনার বাংলাদেশ। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পুরো জাতিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অর্থনীতি বিভাগের হীরক জয়ন্তী ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ২য় দ্বি-বার্ষিক সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাংলাদেশের অগ্রযাত্রার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ অবশ্যই অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এর আগে তিনি পতাকা উত্তোলন ও স্মারক ফেস্টুন উড়িয়ে দুদিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।
অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর মোহাম্মদ আলীর সভাপতিত্বে এতে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা সম্মানিত অতিথি ছিলেন।
এতে রাবি উপাচার্য প্রফেসর মুহম্মদ মিজানউদ্দিন, বিশিষ্ট চিন্তক-অর্থনীতিবিদ সনৎকুমার সাহা, প্রথিতযশা অর্থনীতি গবেষক ড. মোস্তফা কামাল মুজেরী ও রাবি উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর এম রফিকুল ইসলাম। অ্যাসোসিয়েশন পরিচিতি ও কর্মকাণ্ড তুলে ধরেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার।
অন্যান্যের মধ্যে বিভাগের প্রাক্তন শিক্ষক ও বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ ড. সুলতান আহমদ বক্তব্য দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষক যিনাতুল ইসলাম।