বঙ্গবন্ধু গোল্ড কাপ চ্যাম্পিয়ন ট্রফি বিতরণ করেছেন প্রধানমন্ত্রী

রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চতুর্থ বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট-২০১৬-এর ফাইনালে বাহরাইনকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নেপাল।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলা শেষে বর্ণাঢ্য অনুষ্ঠানে নেপালের ফুটবল টিমের স্কিপার বিরাজ মহারজানের হাতে চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন।
 
ক্রীড়ামোদি প্রধানমন্ত্রী খেলার দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর স্টেডিয়ামে প্রবেশ করেন এবং ভিভিআইপি বক্স থেকে খেলা উপভোগ করেন।
 
শেখ হাসিনা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় হিমালয় কন্যা নেপালকে অভিনন্দন জানান। তিনি টুর্নামেন্টে অংশগ্রহণ করে অনবদ্য খেলে রানার্স-আপ হওয়ায় বাহরাইনকেও অভিনন্দন জানান।
 
অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট বাংলাদেশে ফুটবল খেলাকে আরো জনপ্রিয় করবে এবং ভবিষ্যতে আরো আন্তর্জাতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতাকে বাড়িয়ে দিবে।
 
প্রধানমন্ত্রী খেলোয়াড়, বিজয়ী ও রানার্স-আপ দলের কর্মকর্তাবৃন্দ এবং ম্যাচ রেফারিদের মধ্যে প্রাইজমানি ও পদক বিতরণ করেন।
 
টুর্নামেন্টের আয়োজক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেণ শিকদার, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, যুব ও ক্রীড়া বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজি এম সালাহউদ্দিন, বাফুফে সহ-সভাপতি বাদল রায় ও কাজি নাবিল আহমেদ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।