সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী কাজী হাবিবুর রহমান হাবিব খুনের ঘটনায় ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ মেলায় ১০ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।'
তারা হলেন- হোসাইন মোহাম্মদ সাগর, ইলিয়াছ আহমদ পুনম, ইমরান খান, ময়নুল ইসলাম রুমেল, বশির আহমদ তুহিন, নাহিদ, আওয়াল আহমদ সোহান, আশিক, সায়মন ও নয়ন।
১০ ছাত্রকে বহিষ্কারের পাশাপাশি এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
নিহত হাবিব তদন্তের স্বার্থে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ থাকবে বলে রেজিস্ট্রার জানান। তবে শনিবার থেকে ভর্তি ও প্রশাসনিক কার্যক্রম যথারীতি চলবে বলে জানান তিনি।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সিন্ডিকেট সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শামীম আহমেদ, শামসি বেগম, অধ্যাপক মো. ইউনুস, বিজিত চৌধুরী, মোহাম্মদ রুহুল আমীন ও রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী উপস্থিত ছিলেন।
গত মঙ্গলবার দুপুরে নগরীর শামীমাবাদ এলাকায় নিজের সংগঠনের কর্মীদের হামলায় আহত হন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হাবিব। রাত পৌনে ১২টায় নগরীর মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।