স্টাফ রিপোর্টার, বগুড়া
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, আগের যে কোনো সময়ের চেয়ে পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জঙ্গি ও মাদক মোকাবিলায় নির্দেশনা দিয়েছেন। দেশকে উন্নত বিশ্বে পৌঁছে দেওয়ার প্রধান অন্তরায় হতে পারে মাদক ও জঙ্গি। সে কারণে এ দু’টি বিষয়কে জিরো টলারেন্স হিসেবে নিয়েছে পুলিশ। মাদক-জঙ্গি নির্মূল শুধু পুলিশকে দিয়ে সম্ভব নয়। দেশের সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে আমরা এ যুদ্ধে জয়ী হব। সমাজকে মাদক ও জঙ্গি মুক্ত করব। তিনি গতকাল মঙ্গলবার বিকালে বগুড়া পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি আইজির স্ত্রী মিসেস হাবিবা জাবেদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম. খুরশীদ হোসেন, সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ প্রমুখ।
আইজিপি বলেন, যে কোনো সময় আপনার সন্তান ও স্বজন মাদকাসক্ত হতে পারে। তাই দেশের সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে মাদকের যুদ্ধে জয়লাভ করব। মাদক ব্যবসায়ী যারা আত্মসমর্পণ করবে, সরকার তাদের বিভিন্নভাবে সহায়তা করতে প্রস্তুত আছে। যারা এ ব্যবসা চালিয়ে যাবে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।