রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুক্তিযোদ্ধা আ. ছাত্তার

চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্দভা গ্রামের মুক্তিযোদ্ধা আ. ছাত্তার (৭৭) গত রবিবার ভোরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও ৩ ছেলে রেখে যান। বিকালে সোন্দভা ঈদগাহ মাঠে তাকে গার্ড অব অনার প্রদান শেষে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন পাবনা-৩ আসনের এমপি আলহাজ মো. মকবুল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাহারুল হকসহ প্রমুখ।

হাসান মাহমুদ ফেরদৌস

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রামগতি উপজেলা সভাপতি এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ ফেরদৌস (৭৪) গত শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল আহমদিয়া কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব, মুক্তিযুদ্ধকালীন মুজিব বাহিনীর রামগতি-হাতিয়া জোন কমান্ডার সাবেক সংসদ সদস্য মোশারেফ হোসেন, সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তামান্না মিয়া

বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় দলের ফুটবলার ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের মোঃ তামান্না মিয়া (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী,  ৩ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর নিয়াজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।  ১৯৬৬ সালে তত্কালীন অল পাকিস্তানে বর্শা নিক্ষেপে প্রথম স্থান লাভ করেছিলেন মোঃ তামান্না মিয়া।

ফকির মফিজুল হক

নড়াইলের লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার ফকির মফিজুল হককে (৭২) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। সোমবার সকাল ৯টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোঃ  জসিম উদ্দিন পিপিএম, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার এমএম আরাফাত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি মোঃ কবির হোসেনসহ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে লোহাগড়া বাজার কবরস্থানে তাকে দাফন করা হয়।

হাসান মাহমুদ ফেরদৌস

মুক্তিযুদ্ধকালীন গঠিত ‘মুজিব বাহিনী’র লক্ষ্মীপুরের রামগতি থানা কমান্ডার, একাত্তরের ঘাতক- দালাল নির্মূল কমিটির রামগতি উপজেলা সভাপতি এবং উপজেলার বড়খেরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাসান মাহমুদ ফেরদৌস (৭৪) শনিবার গভীর রাতে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। গত মাসে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন বলে পারিবারিকসূত্রে জানা যায়। রবিবার বিকালে আহমদিয়া কলেজ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে রামগতিরহাট দায়রা শরীফ কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন।