সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় ৪ পুলিশ সদস্য আহত

নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সৈয়দপুর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায়সহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোরে সৈয়দপুর বাইপাস সড়কের বাটু সরকারের মোড়ে এ ঘটনা ঘটে। 
 
অপর আহত পুলিশ সদস্যরা হলেন- মোকাদ্দেস, শাহিন ও আতাউর।
 
থানা সূত্রে জানা যায়, সৈয়দপুর থানার এসআই কার্তিক চন্দ্র রায়ের নেতৃত্বে নিয়মিত টহল পুলিশের একটি দল অটোরিকশায় বাইপাস সড়কে টহলে নিয়োজিত ছিল। ভোর ৪টার দিকে টহল পুলিশের ওই দলটি বাইপাস মহাসড়কের ওয়াপদা মোড় থেকে কেন্দ্রীয় বাস টার্মিনালে যাওয়ার পথে বাটু সরকারের মোড় নামক স্থানে পৌঁছলে পেছন দিক থেকে একটি ট্রাক্টর সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে টহল পুলিশের ইনচার্জসহ তিন পুলিশ সদস্য আহত হয়।
 
খবর পেয়ে শহরের জরুরি টহল পুলিশের দলটি সৈয়দপুর টার্মিনাল সংলগ্ন পার্বতীপুর মোড় থেকে ট্রাক্টরসহ চালক শাহিনুরকে আটক করে। আটক ট্রাক্টর চালক দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কালিহাতির আব্দুস সাত্তারের ছেলে।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।