মেহেরপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে চালক নিহত

মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতা গ্রামে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নাছির উদ্দীন (৪৫) নামের এক আলগামন চালক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান। নিহত নাছির উদ্দীন মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর গ্রামের ফরজ আলীর ছেলে। 
 
স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে স্যালোইঞ্জিন চালিত আলগামন নিয়ে বারাদী বাজারে যাচ্ছিলেন নাছির উদ্দীন। তিনি মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের পাটকেলপোতা যাত্রী ছাউনির কাছে পৌঁছলে ছিনতাইকারীরা তার পথরোধ করে। এ সময় তাকে কুপিয়ে ফেলে রেখে আলগামনটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাজিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।