নিউইয়র্কের রাস্তায় ‘আইএস সদস্য’ আখ্যা দিয়ে মজিবর রহমান নামে এক বাংলাদেশিকে মারধরের ঘটনায় কৃষ্ণাঙ্গ দুই কিশোরকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। নিউইয়র্ক পুলিশ শুক্রবার পৃথক অভিযানে দুইজনকে গ্রেপ্তার করলেও তাদের পরিচয় জানায়নি।
পুলিশ বলছে, শুক্রবার ভোররাতে ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ বছরের অন্যজনকে ব্রঙ্কসের একটি স্কুল থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় নিউ ইয়র্ক শহরের ব্রঙ্কসে বাংলাদেশি অধ্যুষিত পার্কচেস্টার এলাকায় মারধরের শিকার হন মজিবর। সিলেটের ফেঞ্চুগঞ্জের সন্তান মজিবর নয় বছরের ভাগ্নিকে স্কুল থেকে আনার পথে ওয়াটসন এভিনিউ ও পুগসলে এভিনিউর মোড়ে হামলার শিকার হন। তিনি তখন পাজামা-পাঞ্জাবি পরা ছিলেন।
পুলিশের কাছে তিনি অভিযোগ করেছেন, দুই যুবক তাকে আইএস সদস্য আখ্যা দিয়ে মুখে ও মাথায় কিল-ঘুষি দিতে থাকে। এক পর্যায়ে রাস্তায় পড়ে গেলে লাথি মারতে থাকে। নিউইয়র্ক টাইমস ও ডেইলি নিউজসহ অনেক পত্রিকায় গুরুত্বের সঙ্গে হামলার খবর প্রকাশ হলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পুলিশের ‘হেইট ক্রাইম টাস্ক ফোর্স’সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থাও অপরাধীদের ধরতে মাঠে নামে। এরই ধারাবাহিকতায় ধরা পড়ে দুই কিশোর। মজিবরের ওপর হামলার প্রতিবাদে গত ১৯ জানুয়ারি ব্রঙ্কসে প্রবাসীরা একটি প্রতিবাদ সমাবেশ করেন হামলার স্থানে। ঘটনার ছয়দিন পর দুই দুর্বৃত্ত গ্রেফতার হওয়ায় প্রবাসীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। এজন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।