বার্সেলোনার ব্রাজিলীয় স্ট্রাইকার নেইমারকে বর্তমানে বিশ্বের দ্বিতীয় সেরা ফুটবলার বলে মনে করেন তার ক্লাব সতীর্থ সুয়ারেজ। অচিরেই তিনি শ্রেষ্ঠত্বের আসনে উপবিস্ট হবেন বলে দাবি এই উরুগুয়েন তারকার।
বর্তমানে বার্সেলোনার আক্রমণভাগে জুটিবদ্ধ হয়েছেন মেসি, নেইমার ও সুয়ারেজ। বিশ্বে ফুটবলের ইতিহাসে যে কোনো দলের বিপক্ষে আক্রমণভাগে এই ত্রিমূর্তি এখন শ্রেষ্ঠত্বের তালিকায় রয়েছেন। গত সপ্তাহে জুরিখে অনুষ্ঠিত বর্ষসেরার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পঞ্চমবারের মতো ব্যালন ডিও’র খেতাব লাভ করেছেন আর্জেন্টাইন সুপার স্টার মেসি। তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সুয়ারেজ বার্সা টিভিকে বলেন, ‘লিও (মেসি) এখন বিশ্বের শ্রেষ্ঠ তারকা। ময়দানি লড়াইয়ে তিনি এখনো সবার কাছে বিষ্ময়, যা সবাইকে অনুপ্রাণিত করে।’
মেসি পরবর্তী সময়ে ব্রাজিলীয় তারকা নেইমার ওই আসনে আসীন হবেন বলে মনে করেন সুয়ারেজ। তার মতে অদূর ভবিষ্যতে নেইমারই হবেন বিশ্বসেরা। সুয়ারেজ বলেন, ‘নেইমার আজ বিশ্ব ফুটবলের দ্বিতীয় সেরা তারকা। তিনি লিওর পরের স্থানেই রয়েছেন। তবে তিনি এখন তার (মেসি) কাছ থেকে শিখছেন। কারণ মেসিই হচ্ছেন তার কাছে সেরা দৃষ্টান্ত।’