শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বর্তমান সরকার গ্রাম ও শহরের জনগোষ্ঠির মধ্যে সমতা আনার চেষ্টা করছে। শিক্ষা, স্বাস্থ্যসহ গ্রামীণ জনপদের ভাগ্য উন্নয়নে গুরুত্ব দিয়েছে। ফলে এখন মানুষ চিকিৎসা ছাড়া কিংবা ভাত না খেয়ে মারা যায় না।
শনিবার সিলেটের বিয়ানীবাজার মুড়িয়া ইউনিয়নের আরআইএইচডি প্রকল্পের আওতায় ১২ কোটি টাকা ব্যয়ে শারপার-গজুটাকা সড়কের নির্মাণ কাজ ও পাথারিপাড়া-টেকইকোনা-সারপার গ্রামে শুভগ্রাম বিদ্যুতায়নের উদ্বোধন করেন। পরে এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আওয়ামী লীগ সরকারের সময়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসাসেবা পৌঁছে দেয়ার উদাহরণ টেনে বলেন, কৃষকরা আজ হাসিমুখে বাড়ি ফিরে। দেশে দুর্ভিক্ষ নেই, উত্তরাঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারছে। তাই দেশের সামগ্রিক উন্নয়ন গতিশীল করা সম্ভব হয়েছে।
‘শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল’ উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের নতুন প্রজন্মকে এমনভাবে গড়ে তুলতে চাই, যারা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। এ জন্য বছরের প্রথম তারিখে শিশুদের হাতে বই পৌঁছে দেয়া, মাল্টিমিডিয়া ক্লাস রুম চালু, শিক্ষকদের বিদেশে নিয়ে প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা করেছে সরকার।
অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাসিব মনিয়া, সহ-সভাপতি আব্দুল আহাদ কলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম. এ. কাদির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন।