ডিজিটাল বিশ্ব নির্মাণে বাংলাদেশ নেতৃত্ব দিবে: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

 
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ এখন কোনো স্বপ্ন নয়, বাস্তবতা। ডিজিটাল বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছে। দেশে তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির হার আমাদেরকে আশাবাদী করে তুলেছে। শুধু ডিজিটাল বাংলাদেশ নয়, ডিজিটাল বিশ্ব নির্মাণে দেশের তরুণরা নেতৃত্ব দেবে। তাই সময়ের এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের তরুণদেরকে প্রস্তুত হতে হবে। বিশ্বমানের বিজ্ঞান শিক্ষায় ও চর্চায় মনোযোগী হতে হবে।’
 
শনিবার বিকালে রাজধানীতে সায়েন্স ল্যাব প্রাঙ্গণে তিন দিনব্যাপী বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ  (বিসিএসআইআর- সায়েন্স ল্যাব) এ মেলা আয়োজন করে।
 

ইয়াফেস ওসমান বলেন, বিজ্ঞান ও সংস্কৃতি চর্চায় আমাদের দীর্ঘ ঐতিহ্য ও গৌরব রয়েছে। দেশের বাইরে থাকা বাংলাদেশী বিজ্ঞানীদের আবিষ্কার-উদ্ভাবন বিশ্বকে চমকে দিচ্ছে। দেশের পরীক্ষাগারে-ল্যাবেও যুগান্তকারী উদ্ভাবন ঘটছে। বড় পরিবর্তনের জন্য বড় ধরণের এবং বেশী আবিষ্কার করা দরকার। কিছুক্ষেত্রে আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে কিন্তু মেধা ও মেধাবী মানুষের সংকট নেই। তাই দ্রুত দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও বিজ্ঞান চর্চায় উত্সাহ-প্রণোদনা দিতে হবে।