জাম্বুরীতে উপহার বিনিময় করে বন্ধুত্ব স্থাপন করলো স্কাউটরা

গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় মঙ্গলবার জাম্বুরীর ৫ম দিনে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ভোরের পাখি, তাঁবু কলা, পাইওনিয়ারিং ও প্রাথমিক প্রতিবিধান, সাধারণ জ্ঞান, গ্রীন ডিবেট, উডব্যাজ রিইউনিয়ন ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়।

স্কাউটাররা পাশের বাড়ি ভেঞ্চারে অংশগ্রহণ করে। পাশের বাড়ি হলো জাম্বুরীতে অংশগ্রহণকারীদের জন্য একটি আনন্দমূলক কার্যক্রম। জাম্বুরীর ৫ম দিন নির্দিষ্ট সময়ের একটি ইউনিট অন্য একটি ইউনিটের আতিথেয়তা গ্রহণ করে এবং একই সঙ্গে স্কাউটরা সকলের সঙ্গে পরিচিত হয়ে বন্ধুত্ব তৈরিসহ নিজেদের হাতে তৈরি করা উপহার বিনিময় করে। এই ভেঞ্চার  শুরুর আগে সংশ্লিষ্ট ডাইরেক্টর বা তার প্রতিনিধি  ভিলেজ ও সাব ক্যাম্প অফিসিয়ালগণকে জানিয়ে দেন কোন ইউনিট কোন ইউনিটে যাবে। এই ইভেন্টের মাধ্যমে এক জেলার স্কাউট অন্য জেলার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করে।

এ ছাড়াও স্কাউটদের নেতৃত্ব ও সুপ্ত প্রতিভার বিকাশ এবং তাদের ভাবনা ও স্বপ্নগুলো উপস্থাপনের সুযোগদানের জন্য গ্রীন ডিবেটের আয়োজন। এই ভেঞ্চারে যোগদানের জন্য স্কাউটদেরকে এসডিজি উন্নয়নের মূল সোপান, যোগ্য নেতৃত্বের জন্য স্কাউটিং, শিল্পায়ন ও পরিবেশ ও জেনেটিক্যাল ফুড বনাম ন্যাচারাল ফুড এর বিষয় সম্পর্কে  ভিলেজভিত্তিক বিতর্ক অনুষ্ঠিত হয়। ভিলেজভিত্তিক অংশগ্রহণকারীদের থেকে বাছাই করে চূড়ান্ত অংশগ্রহণকারী মনোনয়ন করা হয়। জাম্বুরীর ৫ম দিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরিনায় গ্রীন ডিবেট অনুষ্ঠিত হয়। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরিনায় শতবর্ষ উডব্যাজ গ্যাদারিং অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রশিক্ষণ) মো. মহসিনের সভাপতিত্বে শতবর্ষ উডব্যাজ গ্যাদারিং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের অ্যাডাল্ট রিসোর্সেস বিষয়ক জাতীয় কমিটির সভাপতি প্রফেসর ডা. সৈয়দুল ইসলাম মল্লিক।