রাজধানীর আকাশে কুয়াশা কমে যাওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টা থেকে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক হয় বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে।
বেসামরিক বিমাল চলাচল কর্তৃপক্ষের শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দায়িত্বে থাকা গ্রুপ ক্যাপ্টেন জাকির হোসেন জানান, সকাল থেকে যেহেতু কুয়াশা বেশি ছিল, তাই কোনো ফ্লাইট নামতে পারেনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে যাওয়ায় ওঠানামা স্বাভাবিক হয়েছে।
দুবাইয়ের এফজেড৫৮৭ ফ্লাইটটি স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১২টা ১৬ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসে। ভোর ৬টা ২ মিনিটে ফ্লাইটটির শাহজালাল বিমানবন্দরে নামার কথা থাকলেও কয়েক দফায় চক্কর দিয়ে ব্যর্থ হয়ে উড়ে যেতে দেখা গেছে নারায়ণগঞ্জের আকাশে।