'উইজডেন ইন্ডিয়ার স্বীকৃতি নিজের ও দেশের জন্য বড় সম্মান'

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ছয় ক্রিকেটারের একজন নির্বাচিত হওয়াকে নিজের ও দেশের জন্য বড় সম্মান বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০১৪-১৫ মৌসুমের জন্য উইজডেন ইন্ডিয়ার এই স্বীকৃতি পেয়েছেন তিনি।
 
শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে উইজডেন ইন্ডিয়া অ্যালমানাকের ২০১৬ সংস্করণ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এতে মাশরাফির সঙ্গে ২০১৪-১৫ মৌসুমের সেরা অন্য ৫ ক্রিকেটার পাকিস্তানের ইউনুস খান, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও বিনয় কুমার, ইংল্যান্ডের জো রুট ও শ্রীলঙ্কার ধাম্মিকা প্রসাদ।
 
উইজডেন ইন্ডিয়া অ্যালমানাকের এই চতুর্থ সংস্করণে মোড়ক উন্মোচন করেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলে ও ফুটবলার বাইচুং ভূটিয়া।
 
উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ছয় ক্রিকেটারের একজন নির্বাচিত হওয়ার পর মাশরাফি বলেন, ‘স্বীকৃতির জন্য খেলি না। তবে স্বীকৃতি পেলে সব সময়ই ভালো লাগে। এই স্বীকৃতি পেয়েও ভালো লাগছে। দেশের বাইরে থেকে যেহেতু স্বীকৃতিটা এসেছে, আমি মনে করি নিজের জন্য যেমন, দেশের জন্যই এটি সম্মানের।’