পাবনার সঙ্গে সব রুটের বাস চলাচল স্বাভাবিক

 
১২ দিন পর পাবনার সঙ্গে সারাদেশের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল থেকে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, রাজশাহীসহ বিভিন্ন রুটে এই দুই জেলার বাস চলাচল শুরু হয়।
 
শ্রমিক নেতারা জানিয়েছেন, শনিবার রাতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বগুড়া কার্যালয়ে পাবনা, শাহজাদপুর, সিরাজগঞ্জ ও বগুড়ার শ্রমিক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
 
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান, বৈঠকে আলোচলার পর বাস চলাচল শুরু বিষয়ে শ্রমিক নেতারা একমত হন। একই সঙ্গে ঘটনা তদন্তে শ্রমিক নেতাদের নিয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে।
 
গত ১২ জানুয়ারি পাবনা ও শাহজাদপুরের দুইটি বাসের শ্রমিকদের মধ্যে পাবনা বাইপাস মোড়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জেরে ঐ রাতে শাহজাদপুর বাসস্ট্যান্ডে শাহজাদপুর মোটর শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা পাবনা এক্সপ্রেস নামের একটি পরিবহনের শ্রমিককে মারপিট করে। এছাড়া পাবনা-ঢাকা চলাচলকারী বেশকিছু বাসকে ঢাকা যেতে বাধা দেয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
 
পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান জানান,  এর পরপরই পাবনার মালিক ও শ্রমিকরা তাদের এলাকার উপর দিয়ে রাজশাহী, কুষ্টিয়া, যশোর ও খুলনা চলাচলকারী সিরাজগঞ্জ ও শাহজাদপুরের বাস বন্ধ করে দেয়।