মনপুরায় হরিণের ১২ কেজি মাংসসহ আটক ১

মনপুরায় চরমজুমদার কেওড়া বাগান ভেতর থেকে ১২ কেজি হরিণের মাংসসহ অলিউদ্দিনকে (৩৫) আটক করেছে বন প্রহরীরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 
 
পরে জব্দকৃত হরিণের মাংশসহ বন্য প্রাণী সংরক্ষণ আইনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে একজনকে আসামি করে মামলা দায়ের করে বন বিভাগ।
 
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাজির হাট ভিট কর্মকর্তা মো. নজরুল ইসলামের নের্তৃত্বে রাতে অভিযান চালিয়ে চরমজুমদার কেওড়া বাগানের ভেতর থেকে ১০-১২জনের সংঘবদ্ধ চক্র থেকে প্লাস্টিক বস্তার ভেতরে প্রায় ১২ কেজি হরিণের মাংসসহ একজনকে আটক করে। টের পেয়ে সংঘবদ্ধ চক্রে থাকা লোকজন দৌড়ে পালিয়ে যায়। 
 
এ ব্যাপারে মনপুরা রেঞ্জ কর্মকর্তা সুকুমার চন্দ্রশীল বলেন, 'আটক অলিউদ্দিনের স্বীকারোক্তিমূলক বক্তব্যে ১০-১২জনের নাম পাওয়া গেছে। আমরা প্রকৃত আসামিদের সনাক্ত করে আদালতের মাধ্যমে চার্জশিট দাখিল করব। এখন তদন্ত চলছে।'