প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার বলেছেন, 'দেশে সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, টেকসই উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রাখতে জনগণকে সচেতন হতে হবে। এর মধ্য দিয়ে তথ্য অধিকার আইনের সঠিক প্রতিফলন ঘটাতে হবে।' রবিবার মুক্তাগাছার আর কে মডেল হাই স্কুল প্রাঙ্গণে দুই দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বিভিন্ন অফিসের কর্মকর্তাদেরকে যথাযথ প্রক্রিয়ায় সঠিক তথ্য প্রধানের আহবান জানান।
সচেতন নাগরিক কমিটির (সনাক) সহ-সভাপতি অধ্যাপক আইয়ুব খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান এ এস এম জাকারিয়া হারুন, উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ স্বপন কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, মুক্তাগাছা থানার ওসি আবু মো. ফজলুল করিম, সনাক সদস্য মাহবুবুল আলম রতন, মলিনা রানী দত্তসহ মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, দুপ্রক, সনাক ও টিআইবির প্রতিনিধিবৃন্দ বক্তব্য রাখেন।
এর আগে জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার ও উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফসারী জহুরার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।