দামুড়হুদায় ৫ একর আখ খেত পুড়ে ছাই

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় প্রায় পাঁচ একর জমির আখ পুড়ে গেছে।  রবিবার এ ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতি বছরই দর্শনা কেরু চিনিকল কর্তৃপক্ষ টেন্ডারের মাধ্যমে বিভিন্ন খামারের আখ কর্তন করে থাকে। রবিবার বেলা আড়াইটার দিকে খেতের একটি আখ গাছ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে  আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে পাঁচ একর জমি পুড়ে যায়।  ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
 
এদিকে ফার্ম সুপারভাইজার মো. হারুন মিয়া বলেন, ২-৩ একর আখের জমি পুড়ে গেছে।  কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।
 
উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহের দিকে ২০১৫-১৬ মাড়াই মৌসুমের জন্য মিলটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।